ফের দুর্যোগ। রবিবার রাতেই সাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যায় বা রাতে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে কলিঙ্গপত্তনমের মাঝের এলাকায় আছড়ে পড়বে শক্তিশালী এই ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় এর গতিবেগ হবে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার। এর জেরে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলা ভাসবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি হয়েছে। মৎস্যজীবীদের দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। ৩০ শে অক্টোবর পর্যন্ত বাংলার উপকূলের সমুদ্রে যেতে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছে।

মঙ্গলবার : এদিন দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রামেও।একইসাথে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বুধবার: বুধবার অধিক দুর্যোগের সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ায়। এর পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে সমস্ত জেলাতে ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট বেশি থাকবে।

বৃহস্পতিবার: ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। এই সমস্ত জেলায় সতর্কতা জারি হয়েছে। বাকি জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর শুক্রবারও একই রকম পরিস্থিতি থাকতে পারে।

শুক্রবার: ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম এবং মুর্শিদাবাদে। ভারী বৃষ্টি ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দুই বর্ধমান, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা জেলায়। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সতর্কতা জারি রয়েছে।

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

আজ বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। বৃহস্পতি ও শুক্রবারে ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। বৃহস্পতিবার ও শুক্রবার মালদহ, দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পঙে, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও আলিপুরদুয়ারেও।