মালদা, ২৩ জুন: পুরনো একটি মামলায় গ্রেপ্তার হলেন কালিয়াচকের তৃণমূল নেতা বকুল শেখ। সোমবার গভীর রাতে নওদা যদুপুর এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে মালদা আদালতে পেশ করেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মে মাসে সীমান্ত এলাকায় পাচারের আগেই বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে কালিয়াচক থানার পুলিশ। ওই ঘটনার তদন্তে নওদা যদুপুর অঞ্চল কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক তথা তৃণমূল নেতা বকুল শেখের নাম উঠে আসে। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপন করে ছিলেন বলে পুলিশের দাবি।
অন্যদিকে, মঙ্গলবার আদালতে নিয়ে যাওয়ার পথে বকুল শেখ দাবি করেন, সোমবার রাতে তিনি নিজের বাড়িতেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। যে ফেনসিডিল পাচারের অভিযোগ আনা হয়েছে, তার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন বলেও দাবি করেন তিনি।
পুলিশের দাবি, শুধুমাত্র ফেনসিডিল পাচার মামলাই নয়, অতীতে সংঘর্ষ, বোমাবাজি, এলাকা দখল এবং খুন-সহ একাধিক মামলায়ও বকুল শেখের নাম রয়েছে। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, সংশ্লিষ্ট অন্যান্য মামলার বিষয়ও আদালতের সামনে তুলে ধরা হবে।
ঘটনাকে কেন্দ্র করে কালিয়াচক এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ বিষয়টি নিয়ে আরও বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছে।

